চট্টগ্রামে বন্যার পানিতে ভেসে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় বন্যার পানিতে নিখোঁজ হওয়া দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে সাতকানিয়া পৌরসভার মির্জাখীলের বার্মা মার্কেট এলাকার বিল থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন মোহাম্মদ তানভীর উদ্দিন (২০) ও আসহাব মিয়া (৬৫)।

এর মধ্যে তানভীর উদ্দিন সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটিয়াপাড়া এলাকার মোহাম্মদ কামালের ছেলে। আসহাব মিয়া লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ চট্টলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পদুয়া বাজারের ব্যবসায়ী। তবে সাতকানিয়ায় মোহাম্মদ ইদ্রিস (৬০) নামে আরেক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, বন্যার পানিতে ভেসে গিয়ে এক তরুণ ও এক ব্যবসায়ীর নিখোঁজ হয়েছিলেন। বুধবার বিকেলে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ইদ্রিস নামে আরেক ব্যবসায়ী এখনও নিখোঁজ আছেন।

মঙ্গলবার মোহাম্মদ রনি নামের এক যুবককে সঙ্গে নিয়ে তানভীর উদ্দিন মির্জাখীলের বার্মা মার্কেট এলাকায় কোমরসমান বন্যার পানি মাড়িয়ে সড়কে হাঁটতে গিয়ে রনি ও তানভীর দুজনই পানির স্রোতে ভেসে যান।

ভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে রনি বেঁচে গেলেও তানভীর বন্যার পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ২৬ ঘণ্টার পর তার লাশ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে সাতকানিয়া সরকারি কলেজ এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যান ব্যবসায়ী মো. ইদ্রিস নামের এক ব্যবসায়ী। তিনি সাতকানিয়া পৌরসভার গোয়াজার এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।