কলেজছাত্রীকে বিয়ে

সেই মুশতাকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রাজধানী মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদসহ দুজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক কলেজছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। গত ১ আগস্ট কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটি করেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। মামলার অন্য আসামি হলেন ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী।

গতকাল বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করেন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম রাজধানীর মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভিকটিমকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে আনতেন। খোঁজখবর নেওয়ার নামে আসামি তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। একপর্যায়ে তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন। বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ করলে তার পরিবারকে ঢাকা ছাড়া করার হুমকিও দেন।

মামলার অভিযোগে ওই ছাত্রীর বাবা বলেছেন, বিষয়টি তিনি অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে জানান এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী কোনো সহযোগিতা করেননি। উল্টো মুশতাককে অনৈতিক সাহায্য করে আসতে থাকেন। এরপর তিনি গত ১২ জুন তার মেয়েকে নিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে যান। কিন্তু মুশতাক সেখান থেকে তাকে অপহরণ করেন। এরপর একেক দিন একেক স্থানে রেখে তার মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করেছেন এবং যৌন নিপীড়ন করেছেন।