সবার ভাত মারতে আসছি: পরীমনি

সন্তান জন্ম দেওয়ার পর নিজের ওজন অনেকটা কমিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আরো কিছুটা ওজন কমাবেন তিনি। তারপর বাংলাদেশ আর ভারতের বেশ কিছু সিনেমায় নেমে পড়বেন। এখনই হুমকি দিয়ে বসেছেন এ সাড়াজাগানো নায়িকা। বলেছেন, ‘সবার ভাত মারতে আসছি’।

বৃহস্পতিবার ছিল পরীর ছেলে রাজ্যের প্রথম জন্মদিন। তবে স্বামী রাজকে ছাড়াই তা পালন করলেন বেশ ধুমধাম করে। যদিও দিনকয়েক আগে রাজ্যের নাম বদলে শাহীম মুহাম্মদ পদ্ম রেখেছেন পরী। রাজ্য নামটা রাজের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। তাই রাজের সঙ্গে ঝামেলার কারণে বদলে দিলেন পরী ছেলের নামও।

আইনত বিচ্ছেদ না হলেও শরিফুল রাজের সঙ্গে এখন আর থাকছেন না পরীমনি।
জানা যায়, মে মাসেই রাজ পরীমনির বাড়ি থেকে বের হয়ে যান। সুখে সংসার করার যে স্বপ্ন দেখেছিলেন এই নায়িকা তা ভেঙেছে অবশ্য অনেকদিন ধরেই। চলতি বছরের গোড়া থেকেই বারবার সামনে আসছিল পরীমনি আর রাজের সংসার ভাঙার খবর। ছেলের জন্মদিনের আগে এক সংবাদমাধ্যমকে পরীমনি জানিয়েছিলেন, ‘ছেলের প্রথম জন্মদিন নিয়ে কত না স্বপ্ন ছিল। ভেবেছিলাম মা-বাবা ছেলেকে নিয়ে একসঙ্গে ছবি তুলব। সেসব আর হলো না। বিধাতা ওসব আমার ভাগ্যে রাখেননি।’

তবে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখেননি পরীমনি। আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক তারকা। এসেছিলেন নায়িকা অপু বিশ্বাসও। রাজ্যের জন্য হাতে করে নিয়ে আসেন একটি সোনার হার। যা নিজের হাতেই পরিয়ে দেন তিনি পরীমনির ছেলের গলায়।

পরীমনি জানিয়েছেন, বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করেননি রাজ। শুধু তাই নয়, ছেলে রাজ্যেরও খবর নেননি তিনি। তাই তিনিও ঠিক করে দেন, ছেলের শুভ দিনটা ছেলের বাবাকে ছাড়াই কাটাবেন।
ছেলের জন্মদিনে একেবারে পদ্ম ফুলের মতো লং গাউনে সেজেছিলেন পরীমনি। ছেলেকে পরিয়েছিলেন সাদা রঙা পাজামা-পঞ্জাবিতে।

কাজে ফেরার প্রস্তুতি বিষয়ে পরীমনি জানিয়েছেন, পোস্ট প্রেগন্যান্সি ওয়েট অনেকটাই ঝরিয়ে ফেলেছেন। বর্তমানে ওজন ৫৬ কেজি। তবে টার্গেট রেখেছেন ৫২ কেজি। যা আগে তার থাকত। শুধু তাই নয়, বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবিতেও তার কাজ করার কথা চলছে।
তিনি জানান, ‘কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজ করব। বেশকিছু জায়গায় ফাইনাল কথা হয়ে গিয়েছে। রাজ্যের জন্মদিনের দিনই বেশকিছু প্রযোজক সেগুলি ঘোষণা করার কথা বলেছিলেন। আমিই রাজি হইনি। আমার বাবুর প্রথম জন্মদিনের আনন্দ কোনওকিছুর সঙ্গে ভাগ করে নিতে চাই না। খুব জলদিই সেই ঘোষণা হবে। সবার ভাত মারতে আসছি।’