সুবর্ণচর বিএডিসিতে হরিণ শাবকের জন্ম

নোয়াখালী জেলার সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) খামারে একটি হরিণ শাবকের জন্ম হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) মা হরিণ বাচ্চাটি প্রসব করে।

বিএডিসি খামারের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে বিএডিসির খামারে সদ্য জন্ম নেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে। এ নিয়ে বিএডিসিতে হরিণের সংখ্যা দাঁড়ালো ৫টি। এর মধ্যে মা হরিণ দুইটি, পুরুষ হরিণ দুইটি এবং নবজাতক রয়েছে একটি।

তিনি আরও বলেন, সুবর্ণচর বিএডিসির খামারে বর্তমানে সহস্রাধিক পণ্য নিয়ে কাজ করা হচ্ছে। দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগী, শস্য, ফসলাদি, ফল, ফুলসহ বণ্যপ্রাণী এবং পাখ-পাখালির অভয়ারণ্য বলা চলে সুবর্ণচরের বিএডিসিকে।