বরগুনার আমতলীর আমড়াগাছিয়া বাজার এলাকার শতবর্ষের পুরনো খেলার মাঠ স্থানীয় ইউপি সদস্য যুবলীগের সাবেক নেতা ফারুক সর্দারের দখল থেকে উদ্ধারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার তরুণ যুবক খেলোয়াড়েরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে মিছিল নিয়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ আমড়াগাছিয়া বাজার এলাকায় বিক্ষোভের পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেনÑ রহিম মোল্লা , রাজ্জাক ব্যাপারী, নাঈম, মো. লিমন, জাকির, জসিম প্রমুখ। শিক্ষার্থী মো. নাঈম বলেন, খেলার মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। মাঠটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া বাজার এলাকায় শত বছরের পুরনো ওই খেলার মাঠটি অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। সম্প্রতি এই মাঠটির একটি অংশ কুকুয়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও কুকুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফারুক সর্দার দখল করে বালুর ব্যবসা করেন। যার কারণে খেলার মাঠটি ছোট হয়ে গেছে এবং খেলার মাঠ দিয়ে বালুর ট্রাক আসা-যাওয়া করায় মাঠটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
তবে, ইউপি সদস্য ফারুক সর্দার এ ব্যাপারে বলেন, আমি বন্দোবস্ত গ্রহিতা মফিজুল্লাহর কাছ থেকে ক্রয় করে বালুর ব্যবসা করছি।
এ প্রসঙ্গে কুকুয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু জাফর বলেন, মফিজুল্লাহর বন্দোবস্তকৃত জমি খেলার মাঠে নয়, তা অন্যত্র।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাহের বলেন, অভিযোগ পেয়ে পরিদর্শন করে ফারুক সর্দারকে মাঠে বালুর ব্যবসা বন্ধ করতে ও বালু সরিয়ে নিতে বলা হয়েছে।