নোয়াখালীর সদর উপজেলায় চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপিয়ে পড়া তরুণের, নাটোরের বড়াইগ্রামে প্রেমিকার বাড়ির মাটি খুঁড়ে যুবকের, নেত্রকোনা শহরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর, কলমাকান্দায় নদীতে ভেসে যাওয়া শ্রমিকের এবং চট্টগ্রামের আনোয়ারার শঙ্খনদ থেকে ভাসমান তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশাচালক মো. রিয়াজকে (১৪) গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কাদির হানিফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ রোড-কিল্লারহাট সড়কের রাজারামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজারামপুর এলাকার রাস্তার পাশের একটি ডোবায় গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়িতে খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কুদ্দুস সরদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বেতলা গ্রাম সংলগ্ন ইছামতি নদীতে তার লাশ ভাসতে দেখা যায়।
এর আগে গত বুধবার বিকেলে পুলিশের তাড়া খেয়ে একই উপজেলার বালিগাঁও সংলগ্ন তালতলা-ডহরী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কুদ্দুস সরদার।
ঢাকা ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বেতকা গ্রামের ইছামতী নদীতে নিখোঁজের সন্ধান পাওয়া গেছে।
নিহতের মা তহুরা বেগম বলেন, পানিতে ঝাঁপ দিয়ে আমার ছেলে ভাসতে ছিল। পুলিশের সামনে তলাইয়া গেল। কিন্তু পুলিশ উদ্ধার করেনি।
টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান বলেন, কুদ্দুসের লাশ পাওয়ার পর সুরতহাল করার সময় প্যান্টের পেছনের পকেটে নীল রঙের জিপারে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক, জুয়া ও চুরির ১৫টি মামলা রয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর পরকীয়া প্রেমিকার বাড়ির আঙ্গিনা খুঁড়ে শাহীন শাহ (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জলন্দা গ্রামের ওই বাড়িতে ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে লাশটি উত্তোলন করা হয়। পরকীয়া প্রেমের জেরে বাড়িতে ডেকে এনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত শাহীন শাহ নাটোর সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের মোজাহার আলী শাহ্র ছেলে। তিনি নাটোর কোর্টে উকিলের মুহুরি হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় প্রেমিকা জলন্দা গ্রামের কুয়েত প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হুসনেয়ারা খাতুনকে (৩২) আটক করেছে পুলিশ।
নেত্রকোনা : কলমাকান্দা উপজেলায় পাহাড়ি মঙ্গলেশ্বরী নদীতে পলিথিন তুলে আনতে গিয়ে নিখোঁজের চার দিন পর কৃষি শ্রমিক মো. চাঁন মিয়ার (৫৫) মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজের স্থান হতে প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তিনি উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে।
অপরদিকে, নেত্রকোনা পৌরশহরের পূর্ব পুকুরিয়া এলাকা থেকে তিন বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই এলাকার বেগুনপাড়াস্থ জহুর আলী মসজিদের কাছে কালভার্টের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারা উপজেলার চরজুঁইদ-ী এলাকার শঙ্খনদে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ২৫ বছর। গতকাল শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।