রাজশাহী মহানগরীতে এক আইসিটি সেন্টারের মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আরএমপির দামকুড়া থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ আলী শিমুল (২৬), শফিকুল ইসলাম বাপ্পি (২৪) ও নূর ইসলাম (২৫)। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ১০ আগস্ট দুপুরে আসামি আকাশ, শফিকুল ও নূর ইসলাম বোয়ালিয়া থানার অলকার মোড়ে মনিরুলের আইসিটি ট্রেনিং সেন্টারে এসে তাকে চাকুর ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মাদক অথবা নারী দিয়ে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয়।
মনিরুল চাঁদা দিতে না চাইলে আসামিরা তাকে অপহরণ করে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের একটি বাড়িতে আটক করে রাখে। সেখানে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে এবং একটি ফাঁকা স্ট্যাম্পে মনিরুলের স্বাক্ষর নেয়। এরপর তারা মনিরুলের মোবাইল থেকে তার ভাই মেহেদী হাসানের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় আসতে বলে। মেহেদী হাসান বিষয়টি দামকুড়া থানা-পুলিশকে অবহিত করেন।
মেহেদী হাসান বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় জোতরাবোন এলাকায় মুক্তিপণের টাকা নিয়ে আসামিদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ আকাশ, শফিকুল ও নূর ইসলামকে আটক করে এবং মনিরুল ইসলামকে উদ্ধার করে।