ত্রিশালে শেখ রাসেল স্মৃতি সংঘে হামলা ভাঙচুর

ময়মনসিংহের ত্রিশালে শেখ রাসেল স্মৃতি সংঘে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে মনির নামে এক সন্ত্রাসী। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে মনির।

জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালী নতুনচর বাজারের শেখ রাসেল স্মৃতি সংঘে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনির তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সন্ত্রাসী তাণ্ডব চালায়। তারা এ সময় ভাঙচুর করে আসবাবপত্র, টেলিভিশনসহ সবকিছু।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, চর মাধাখালী এলাকার সন্ত্রাসী মনির তার বাহিনী নিয়ে এ হামলার ঘটনা ঘটায়। সন্ত্রাসীদের হামলায় আমিনুল ইসলাম ও মকবুল হোসেন নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি আবুল কালাম ম-ল জানান, মনির দলবল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনিরের বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।