দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি কবরস্থানের ১১টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থানে ঘাস কাটতে গিয়ে বিষয়টি নজরে স্থানীয়দের।
খবর পেয়ে রাতে উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী বলেন, বিকেলে স্থানীয়রা কবরস্থানে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ১১টি কবর খোলা অবস্থায় দেখনে পান। পরে বিষয়টি আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। কবরগুলো ৬ মাস থেকে ১ বছরের পুরনো হতে পারে। এছাড়া কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড়ও পাওয়া গেছে। কবর থেকে কঙ্কাল চুরির খবরটি ছড়িয়ে পড়লে কবরস্থানে উৎসুক জনতার ঢল নামে।
বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।