শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক-রেল অবরোধ, সংঘর্ষ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের দাঁড়ায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করেছে পরিবহন শ্রমিকরা। এসময় পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত আটজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়।  

দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীদের দ্বারায় রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়ি ভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলতেছি। তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত