দক্ষিণ ভারত ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ জয়া প্রদা। যাকে অস্কারজয়ী সত্যজিৎ রায় ভারতের সবচেয়ে সুন্দরী নায়িকার খেতাব দিয়েছিলেন। ঢালিউডের প্রখ্যাত অভিনেতা আলগমীরের সঙ্গে এই নায়িকার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটি কালজয়ী। সেই অভিনেত্রীকেই কারাদন্ড দিয়েছেন চেন্নাইয়ের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে তার কর্মচারীদের পাওনা পরিশোধ না করার অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দন্ড দিয়েছেন আদালত। ভারতীয় গণমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়েছে, জয়া প্রদা ও তার দুই ব্যবসায়িক সঙ্গী রাম কুমার ও রাজা বাবু মিলে চেন্নাইতে একটি সিনেমা হল দিয়েছিলেন। সেই প্রেক্ষাগৃহের কর্মচারীরা বেতন না পেয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এটি অবশ্য অনেক আগের ঘটনা, ওই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে তা-ও ১০ বছর আগে। অভিযোগকারীরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাওনা চেয়ে বারবার তাগাদা দিলেও জয়া প্রদা বা তার অন্য ব্যবসায়িক সঙ্গীরা কর্ণপাত করেননি। বাধ্য হয়েই তারা আদালতে শরণাপন্ন হয়েছিলেন। গত শতকের সত্তর, আশি ও নব্বইয়ের দশকে তেলেগু ও হিন্দি সিনেমার অন্যতম আলোচিত মুখ জয়া প্রদা। তবে তিনি যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তখনই রাজনীতিতে নাম লেখান। এখন তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত।