সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক মানব জমিন পত্রিকার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে শায়েস্তাগঞ্জ রেল জংশন স্টেশনে। আহত সাংবাদিক কামালকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত রেল কর্মচারী মুক্তারকে।
মোস্তাফা কামাল জানান, দীর্ঘদিন ধরে কালনী এক্সপ্রেসে বিনা টিকিটে পাওয়ারকারের কর্মচারীরা যাত্রী পরিবহন করে আসছে বলে অভিযোগ রয়েছে। শনিবার সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকাল ৯টা ৫মিনিটে শায়েস্তাগঞ্জ জংশন স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছায়। এ সময় কামাল পাওয়ারকারে টিকিট ছাড়া কয়েকজন যাত্রী দেখে ওই বগির অপারেটর মুক্তারকে এ ব্যাপারে প্রশ্ন করেন। এ সময় মুক্তারসহ কয়েকজন বগি থেকে নেমে কামালের ওপর হামলা চালান। কামাল আত্মরক্ষায় দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিলে মুক্তার ও তার সহযোগীরা সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে ট্রেনে তুলে লাথি-কিল-ঘুসি মারতে থাকেন। ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে তারা কামালকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেন।
এ ঘটনা শুনে সাংবাদিক ও স্থানীয়রা জংশনে অবস্থান নিলে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোয়াজ্জল হক ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্ত মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।