চা শ্রমিক ইউনিয়নের ব্রিফিং

মজুরি বোর্ডের একতরফা গেজেট পুনর্বিবেচনার দাবি

একতরফাভাবে চা শিল্পের জন্য বাংলাদেশ মজুরি বোর্ডের প্রকাশিত গেজেটটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, মজুরি বোর্ডের কাজ হচ্ছে সব পক্ষের সঙ্গে বৈঠক করে মজুরি বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তারা আমাদের শ্রমিক ইউনিয়নের কারও সঙ্গে বৈঠক না করেই মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। এখানে আমরা গেজেটে অনেকগুলো বিষয় লক্ষ করেছি, যা চা শ্রমিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। বলা হচ্ছে বছরে মাত্র ৫% মজুরি বৃদ্ধি হবে, কিন্তু বর্তমান বাজারে বছরে দ্রব্যমূল্যের দাম ৪০ থেকে ৫০% বাড়ে। সেখানে শ্রমিকরা কীভাবে খেয়ে পরে বেঁচে থাকবে। এ রকম অনেক বিষয় গেজেটে এসেছে। আমরা এই গেজেটটি পুনর্বিবেচনার দাবি জানাই।