ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমে শিরোপার লড়াইটা ছিল মূলত ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যেই। তবে শেষ দিকে পথ হারায় মিকেল আর্তেতার দল। শিরোপা জেতে পেপ গার্দিওলার ম্যানসিটি। ২০২৩-২৪ মৌসুমের শুরুটা জয় দিয়ে করল দুই ক্লাবই। গতকাল শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। তার আগে বৃহস্পতিবার রাতে সিটিজেনরা ৩-০ গোলের জয় পায় বার্নলির মাঠে। জোড়া গোল করেন আর্লিং হালান্ড।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গেল মৌসুমে লিগে খেলা সবশেষ ম্যাচটি হেরেছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকে রক্ষণে বেশি মনোযোগী ছিল নটিংহ্যাম। ম্যাচের ২৬ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেওয়া গোলটি করেন এডি এনকেতিয়াহ। ৩২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্সেনাল। এবার স্কোরশিটে নাম লেখান বুকায়ো সাকা। পুরো ম্যাচে ৮০ শতাংশ বলের দখল ও গোলে ১৫টি শট নিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি মিকেল আর্তেতার দল। ধারার বিপরীতে ৮২ মিনিটে শোধ দেয় নটিংহ্যাম। গোলটি করেন তিও আয়োনিয়ি।
ই-টিকেটিংয়ে ঝামেলার কারণে দর্শকদের মাঠে ঢুকতে দেরি হয়। সে কারণে ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট দেরিতে।
গেল মৌসুমে ম্যানসিটির হয়ে ইপিএলে রেকর্ড ৩৬ গোল করেছিলেন হালান্ড। দলটির হয়ে মোট করেছিলেন ৫২ গোল। নতুন মৌসুমেও গোলের জন্য ক্ষুধার্ত হালান্ডকেই পেল সিটির সমর্থকরা। প্রতিপক্ষ বার্নলির মাঠে প্রথম গোলটি করতে হালান্ড সময় নেন মাত্র চার মিনিট। মাঠের বাঁ প্রান্ত থেকে রদ্রির হেড বক্সে পেয়ে যান হালান্ড। জোরালো শটে গোল করেন তিনি।
ম্যাচের ২৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। নওরোজিয়ান ফরোয়ার্ড হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন ৩৬ মিনিটে। ৭৫ মিনিটে রদ্রি গোল করলে ব্যবধান ৩-০ হয়।