নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতুর পশ্চিমপাশে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে অরনেট সিকিউরিটি সার্ভিসেসের একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় সড়কের একপাশে যান চলাচল। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মাইক্রোবাসচালক রাজিব জানান, রাজধানীর নতুনবাজার বাঁশতলা এলাকার অরনেট সিকিউরিটি সার্ভিসের অফিস থেকে সকালে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে কোম্পানির বিজ্ঞাপন তৈরির কাজের জন্য একসঙ্গে আটটি মাইক্রোবাস রওনা হয়। গাড়িগুলো কাঞ্চন সেতুর পশ্চিম পাশে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ব্রাক্ষণখালী পৌঁছালে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় দ্রুত চালক রাজিব গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। পূর্বাচল ফায়ার সার্ভিসের অ্যায়ার হাউজ ইন্সপেক্টর রতন রায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।