গাজীপুরের কালিয়াকৈরে সাবেক এক সেনা সদস্যসহ দুজনকে পিটিয়ে আহত করেছে কয়েক যুবক। এ ঘটনায় গতকাল শনিবার কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন আহত সাবেক সেনা সদস্য মিজানুর রহমান। তিনি উপজেলার উত্তর মৌচাক এলাকার মৃত আবদুর রহমান শেখের ছেলে। গত শুক্রবার রাতে মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর মিজানুর রহমান মৌচাক থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৭টার দিকে উত্তর মৌচাক এলাকায় হইহুল্লোড় শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখেন বাড়ির সামনে প্রতিবেশী শাজাহান মিয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও তার এক সহপাঠীকে (ছেলে) আটক করেন কয়েকজন যুবক। এ সময় তারা ওই মেয়ে ও তার সহপাঠীর কাছে টাকা-দাবি করে মারপিট করে। পরে যুবকদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে বাড়িতে চলে যান মিজানুর রহমান। ওই যুবকদের মধ্যে রাব্বি, নাজমুল, ইমন, সবুজ, জুয়েল, সজিবসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন দা, লাঠি, রড, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে রাত ৮টার দিকে মিজানুর রহমানের বাড়ির সামনে গিয়ে গালাগাল করতে থাকে। একপর্যায় তাকে বাড়ির সামনে বাগানে পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার খালতো ভাই সুলতান তাদের ফেরাতে গেলে তাকেও মারধর করে। মিজানুর দৌড়ে ঘরে ঢুকে প্রাণে বাঁচেন। পরে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিজানুর রহমান বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমাকে খুন করতে চেয়েছিল।’ কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’