ময়লার স্তূপে দুই ছেলে নবজাতকের মরদেহ

রাজধানীর আনন্দবাজারে ময়লার স্তূপ থেকে দুটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক এক দিন। গত শুক্রবার রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

ডিএমপির শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার জানান, রাতে ট্রিপল লাইনের মাধ্যমে এক নারী থানায় খবর দেন। পরে আনন্দবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তিনি জানান, রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি।