র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৬ সদস্যরা সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৩)সহ ৮ সদস্যকে আটক করেছে। অভিযানকালে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটক আসাবুরের সহযোগীরা হলেন- ইস্রাফিল সানা (২২), শাহীন সানা (২৪), শরিফুল ঢালী (৩৭), শফিকুল ইসলাম (২৩), রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯) ও আকবর আলী শেখ (২৫)।
আজ রবিবার দুপুরে খুলনার র্যাব-৬ সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারের পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আসাবুর ও তার বাহিনী সুন্দরবনের মাছ ব্যবসায়ী ও জেলেদের ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। এমন অভিযোগে খুলনার দাকোপ উপজেলা আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা ও শাহীন সানাকে প্রথম আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্যে ভিত্তিতে দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুর রহমান ও অপর সহযোগীদের আটক করা হয়।
কমান্ডার খন্দকার আল-মঈন আরও বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে শনিবার দিবাগত গভীর রাতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব মিডিয়া পরিচালক জানান, এক সময়ে আসাবুর সুন্দরবন বনদস্যু বাহিনীর জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সরকারি ঘোষণায় জাহাঙ্গীর আত্মসমর্পণ করলেও আসাবুর পালিয়ে যায়। বনজীবী ও মৎস্যজীবীদের আতঙ্কমুক্ত করতে বনদস্যুদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।