যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল দুপুরে দেলাওয়ার হোসাইন সাঈদী বুকে ব্যথা অনুভব করলে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ২০১৯ সাল থেকে এ কারাগারে বন্দি আছেন সাঈদী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে আনা হয়। তিনি যেহেতু বয়স্ক মানুষ, তার কিছু সমস্যা ছিল। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। তাকে ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।’
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে ওই সাজার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়।