সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইকবাল মনোয়ারের নিয়মবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কারের সুষ্ঠু নীতিমালা প্রণয়ণের দাবিতে সংহতি সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশের আয়োজন হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন।
বক্তারা ইকবালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার ও শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে তারা শান্তির আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গোলাপ ফুল বিতরণ করেন।
এদিকে ইকবালের আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যথারীতি অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। গতকাল বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেশে দুর্নীতি নিয়ে উপাচার্যের দেওয়া বক্তব্য ‘বিকৃতভাবে’ গণমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলে ২ আগস্ট ইকবাল মনোয়ারকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কারের এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।