রিয়ালের জয় ড্র পিএসজির

রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেক হয়েছে জুড বেলিংহ্যামের। শনিবার রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অভিষেকে গোল পেয়েছেন। ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে।

রিয়ালের হয়ে লিগ মৌসুমে গোলের সূচনা করেন রদ্রিগো। বিলবাওয়ের মাঠে ম্যাচের ২৮ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। কর্নার থেকে পাওয়া বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও।

ম্যাচ শেষে বেলিংহ্যাম বলেন, ‘আমি এই গোল এবং জয়ে বেশি রোমাঞ্চিত নই। এই গোলটিতে বলে আমার সংযোগটা ভালো ছিল না। আমি কিছুটা ভাগ্যবান ছিলাম। যদিও আমি লক্ষ্যে বল রাখতে পেরেছি এবং সেটি জালে জড়িয়েছে।’

তবে বেলিংহ্যামের পারফরম্যান্সে খুশি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার কাছে মনে হয়েছে বেলিংহ্যাম অনেক ধরেই রিয়ালে খেলছেন। আনচেলত্তি বলেন, ‘‘তাকে দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে যেন এই দলে খেলছে। সে ‘ফ্যান্টাস্টিক।’ এখানে নিজেকে মেলে ধরতে সে উজ্জীবিত। ‘ফ্যান্টাস্টিক’ ফুটবলার সে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’’

লিগে রিয়ালের পরবর্তী ম্যাচও প্রতিপক্ষের মাঠে, ১৯ আগস্ট, আলমেরিয়ার বিপক্ষে।

এদিকে, মেসি-এমবাপ্পে-নেইমারহীন পিএসজির নতুন লিগ মৌসুম শুরু হয়েছে গোলশূন্য ড্র দিয়ে। দুই মৌসুম খেলে মেসি চলে গেছেন অন্যত্র। পার্ক দ্য প্রিন্সেসে লরিয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার, মার্কো ভেরাত্তি। কিলিয়ান এমবাপ্পে ছিলেন না এই ম্যাচের স্কোয়াডে। গ্যালারিতে বসে বার্সেলোনা থেকে সদ্য যোগ দেওয়া উসমান দেম্বেলেকে নিয়ে খেলা দেখেছেন। বাজে এই শুরুর পর এমবাপ্পেকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে পিএসজি। তাকে মূল দলের অনুশীলেন ডেকেছে তারা।

ওদিকে, হ্যারি কেইনকে থাকতে হচ্ছে শিরোপার অপেক্ষায়। টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কেইন। টটেনহ্যাম ছাড়ার মূল কারণ ছিল শিরোপা না জেতা। বায়ার্নে এসে নিজের প্রথম ম্যাচেই শিরোপা জয়ের সুযোগ ছিল কেইনের সামনে। তাকে স্কোয়াডে রেখেই জার্মান সুপার কাপের দল দিয়েছিলেন বায়ার্ন কোচ। ৬৪ মিনিটের সময় বদলি হিসেবে মাঠেও নামেন। তবে কেইনের অভিষেক ম্যাচটা রাঙানো হলো না। লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। লাইপজিগের তিনটি গোলই করেন দানি ওলমো। ৩ ও ৪৪ মিনিটে গোল করেন তিনি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।