ক্রিকেটে আসছে লাল কার্ড

ফুটবলে কোনো খেলোয়াড়ের লাল কার্ড দেখা মানে ওই ম্যাচের জন্য তিনি মাঠের বাইরে। বসে থাকতে হয় পরের ম্যাচেও। ক্রিকেটে এমন ঘটনা কখনই ঘটেনি। না হওয়া সেই ব্যাপারটি এখন ক্রিকেটেও ঘটবে। ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চালু লাল কার্ড দেখানোর নিয়ম।

সেøা ওভাররেটের কারণে ম্যাচের সময় লম্বা হওয়ায় এমনিতেই বিরক্ত আইসিসি। নিয়মিতই এ ব্যাপারটি থামানোর চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ওই নিয়মগুলো ব্যবহার করে বিভিন্ন ক্রিকেট বোর্ড। পাশাপাশি নিজেরা নিজেদের লিগকে ত্রুটিমুক্ত রাখতে নিজেদের মতো আইনও করে নেয়। সেই চেষ্টাই করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। লাল কার্ডের প্রচলন এনে থামাতে চাইছে সেøা ওভাররেট।

সিপিএলে এবারের আসরে যদি ফিল্ডিং দল ১৮তম ওভার নির্ধারিত সময়ে শুরু করতে ব্যর্থ হয় তবে একজন ফিল্ডারকে ৩০ গজের ভেতরে রাখতে হবে। মানে চারজন থেকে ফিল্ডার সংখ্যা হবে ৫। ১৯তম ওভার নির্ধারিত সময়ে শুরু করতে না পারলে সংখ্যাটা হবে ৬। আর ২০তম ওভার নির্ধারিত সময়ে শুরু না করা গেলে আসবে লাল কার্ড। এতে দলের অধিনায়কের সিদ্ধান্তে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে আর তখনো ৬ জন ৩০ গজের ভেতরে থাকবেন। কিপার ও বোলার তো থাকবেনই। তার মানে শেষ ওভারে মাত্র ২ জন ফিল্ডারকে সীমানার ধারে রাখতে পারবে সেøা ওভার করা দল।