প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হুমকির দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) ওই প্রবাসীর স্ত্রী একটি মামলা করলে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার তরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি তার সাথে কর্মরত সিরাজগঞ্জ জেলার মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। মাহবুব পাওনা টাকা পরিশোধ না করেই বেশ কয়েক মাস আগে সৌদি আরব থেকে সিরাজগঞ্জের বাড়িতে স্থায়ীভাবে চলে আসেন। পরে তার কাছ থেকে টাকা আদায়ের কোনো উপায় না পেয়ে দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী (২৫) প্রতিবেশি ভাগিনা মো. নাঈমকে (৩৫) নিয়ে বেশ কয়েকবার সিরাজগঞ্জে গিয়ে পাওনা টাকার জন্য তাগাদা দিয়ে আসেন।

সম্প্রতি নাঈম ওই প্রবাসীর স্ত্রীকে জানায়, সিরাজগঞ্জ থেকে মাহবুব যে কোনো দিন খুব ভোরে টাকা নিয়ে কাপাসিয়া আসবেন। তখন খবর দিলে তিনি যেন নাঈমের বাড়িতে চলে আসেন। গত ৩ আগস্ট ভোর চারটার সময় একই এলাকার দুলাল মিয়া (৪৫) ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে জানায়, মাহবুব কিছুক্ষণ আগে নাঈমের বাড়িতে এসেছে, তিনি যেন দ্রুত সেখানে যান। এ সময় দুলাল মিয়ার সঙ্গে তিনি নাঈমের নির্জন বাড়িতে গেলে এক পর্যায়ে দুলাল মিয়ার সহযোগিতায় নাঈম তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে নাঈম এবং দুলাল মিয়া তার গলা থেকে স্বর্ণের একটি চেইন, একজোড়া কানের দুল ও একটি আংটি ছিনিয়ে নেয়। এ সময় তারা এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে তার ও সন্তানদের প্রাণ নাশের হুমকি দেয়। এর কয়েক দিন পর নাঈম তাকে ফোন করে জানায় সে কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে রেখেছে, তাকে যদি ওই প্রবাসীর স্ত্রী আবারও ধর্ষণের সুযোগ এবং দুই লাখ টাকা না দেয় তবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, ধর্ষণের অভিযোগে মামলায় (নং-১৪/৮২) দুই আসামীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ওই প্রবাসীর স্ত্রীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।