টাঙ্গাইলে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালক নিহত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সড়কটির মুশরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জওশন মিয়া (৩০) উপজেলার আটিয়া চালা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার সময় অটোরিকশাতে থাকা চালক জওশনের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ার দিকে যাচ্ছিল। নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কে মুশরিয়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ঘুরে গিয়ে কাভার্ডভ্যানের মুখোমুখি হলে অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক জওশনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা জওশনের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।