তুরস্কে পবিত্র কোরআনের গ্রীষ্মকালীন কোর্সে অংশ নেবে অন্তত ২৪ লাখ শিক্ষার্থী। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের শিক্ষাবিষয়ক প্রধান সাদিদা আক বুলুত। গত রবিবার আলজাজিরা মুবাশির এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা জানায়, মসজিদে অনুষ্ঠেয় পবিত্র কোরআনের এ কোর্সটি ছয় মাস মেয়াদি হবে এবং দৈনিক অন্তত চার ঘণ্টা কোর্স কার্যক্রম চলবে। পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি এ কোর্সের মাধ্যমে ধর্মীয় শিষ্টাচারও শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
সাম্প্রতিক সময়ে কোরআন মাজিদ হিফজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তুরস্ক সরকার। হাফেজের সংখ্যা বৃদ্ধি ও পবিত্র কোরআন চর্চা বাড়াতে বিভিন্ন কোর্সের আয়োজন করছে দেশটির ধর্মবিষয়ক বিভাগ। যেন পড়াশোনার সময় থেকেই শিক্ষার্থীরা কোরআন পড়ায় অভ্যস্ত হয়, সেই লক্ষ্য বাস্তবায়নে এসব উদ্যোগ নেওয়া হয়। তুরস্কের সব অঞ্চলে প্রতি বছর পবিত্র কোরআন হিফজের গ্রীষ্মকালীন কোর্স শুরু হয়। এতে শিশু থেকে তরুণ, বয়স্কসহ সব বয়সী তাতে অংশ নেওয়ার সুযোগ পান। তাই দেশটির মসজিদগুলোতে ওই সময় পবিত্র কোরআন হেফজ ও তাফসির শিখতে আগ্রহী শিক্ষার্থীদের ভিড় লেগে যায়।
মসজিদের পাশাপাশি সরকার পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠান ইমাম হাতিপ স্কুল রয়েছে, যেখানে নিয়মতান্ত্রিক পড়াশোনার পাশাপাশি কোরআন হিফজের বিশেষ ব্যবস্থা রয়েছে। এখানে আর্টস, সায়েন্স ও ভোকেশনাল বিভাগে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়তে পারেন।