বাধ্য হয়েই দায়িত্ব ছেড়েছেন মানচিনি

হঠাৎ করে ইতালির কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরদিন সৌদি আরবের দায়িত্ব নিতে যাওয়ার খবরে সবাই ভেবেছিলেন রবার্তো মানচিনি বুঝি টাকার জন্য ইউরো চ্যাম্পিয়ন দল ছাড়লেন। কিন্তু মানচিনি পদত্যাগের কারণ হিসেবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের তার প্রতি অনীহার কারণকে সামনে এনেছেন।

রবিবারের সিদ্ধান্ত সম্পর্কে এক সাক্ষাৎকারে মানচিনি বলেছেন, ‘যখন আমি ইতালির দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার কাছে আরও লাভজনক প্রস্তাব ছিল। সেগুলো ছেড়ে আমি এসেছিলাম। কারণ এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি ইউরো জিতেছি। এটি খুব বড় অর্জন হয়তো নয়, তবে আমরা জিতেছি। গ্র্যাভিনা যদি চাইতেন, তাহলে তিনি আমায় থামাতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘তিনি আমাকে কোচ হিসেবে চান, এটার নিশ্চয়তার প্রয়োজন ছিল। কিন্তু গ্র্যাভিনা আমাকে সেটা দেননি। সত্য হলো আমি থাকি, তিনিই সেটা চাননি। কয়েক মাস ধরেই এটা চলছিল। যা আমাকে খুব আহত করেছে। এই কয়েক মাস আমার একটু মানসিক শান্তির প্রয়োজন ছিল, কিন্তু তিনি সেটা দেননি। তাই বাধ্য হয়েছি পদত্যাগ করতে।’ মানচিনি গ্র্যাভিনোর সমালোচনা করে বলেছেন, ‘শেষ পর্যন্ত তিনি চাইছিলেন আমি যেন চলে যাই। আমি সবসময় সঠিক ছিলাম। তাই আমি মনে করেছি এটাই সময়, তাই পদত্যাগ করেছি।’