ফাইনাল নিশ্চিতের ম্যাচে ভোরে নামছে মায়ামি

লিগস কাপের সময় ফুরিয়ে আসছে। আজ ভোরে শুরু হচ্ছে সেমিফাইনাল। মন্টেরের মুখোমুখি হবে নাশভেলে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। তবে তার আগে ভোর ৫টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়নের।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার চেস্টারে অবস্থিত মাঠ সুবারো পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১৮ হাজার ৫০০। মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১০ সালের ২৭ জুন। আগের ম্যাচগুলোয় দারুণ খেলে সেমির টিকিট পেয়েছে ফিলাডেলফিয়া। শুধু এটুকুই নয়, এমএলএস লিগে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থান যেখানে তলানিতে, সেখানে ফিলাডেলফিয়া আছে ৩ নম্বরে। মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের পরিসংখ্যানও পক্ষ নেই মায়ামির।

ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়ার শেষ ৫ ম্যাচের দুটিতেই জিতেছে ফিলাডেলফিয়া, দুটি ড্র করেছে এবং হেরেছে একটিতে। তবে মুখোমুখি শেষ ম্যাচে ৪–১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। এ ছাড়া নিজেদের শেষ ৭ ম্যাচের সব কটিতেই জিতেছে ফিলাডেলফিয়া। আর শেষ ৫ ম্যাচে ৪ গোল হজম করার বিপরীতে তারা করেছে ১১ গোল। অন্যদিকে ইন্টার মায়ামি নিজেদের শেষ ৫ ম্যাচে করেছে ১৭ গোল এবং হজম করেছে ৬ গোল। জয়ের পরিসংখ্যানের পাল্লাটা মেসিদের প্রতিপক্ষদের দিকেই ঝুলছে।

তবে গত কদিনে বদলে গেছে পরিসংখ্যানের হিসেব-নিকেশ। দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের নাম এখন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা আসার পর থেকে বদলে গেছে পুরো দৃশ্যপট। আসার পর থেকে একাই প্রতি ম্যাচেই দৃশ্যপট বদলে দিয়েছেন মেসি। ৫ ম্যাচ খেলে মেসি করেছেন ৮ গোল। এই ম্যাচেও ফিলাডেলফিয়ার সবচেয়ে বড় বাধার নাম হবে মেসি।

ফাইনালে যেতে হলে এ কঠিন বাধা পার করতে হবে ফিলাডেলফিয়াকে। আর এই ম্যাচ দিয়ে মেসির সামনে বড় সুযোগ ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জেতানোর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার। আর শেষ পর্যন্ত এই লক্ষ্যে মেসি সফল হলে সেটি তার মুকুটে যোগ করবে নতুন পালক।