ইন্টার মায়ামির হয়ে ফের গোল করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার টানা ষষ্ঠ ম্যাচে গোল পাওয়ার দিনে লিগস কাপের ফাইনালে ওঠে গেছে মায়ামি। নিজেদের ইতিহাসে এই প্রথম বড় কোনো প্রতিযোগিতার শিরোপার মঞ্চে পৌঁছাল দলটি।
লিগস কাপের সেমিফাইনালে বুধবার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারায় মায়ামি। এই প্রতিযোগিতাতেই ক্রুজ আজুলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অভিষেক হয় মেসির। এরপর ৬ ম্যাচে আর্জেন্টাইন তারকার গোল হলো ৯টি। আর মায়ামির এই ৬ ম্যাচে গোল হলো ২১টি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির দ্বিতীয় গোলটি করেন মেসি। ডিবক্সের অনেক বাইরে, প্রায় ৩২ মিটার দূর থেকে নেওয়ার বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
দলকে ফাইনালে তোলার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেসি। লিখেছেন, ‘আমরা ফাইনালে ওঠার জন্য কাজ করেছি এবং আমরা তা করতে পেরেছি।’ এর সঙ্গে মেসির সংযোজন, ‘এখনও আমাদের শেষ ধাপ বাকি আছে।’
আগামী শনিবার শিরোপা নির্ধারনী ম্যাচে মেসিরা খেলবে ন্যাশভিলের বিপক্ষে। অপর সেমিফাইনালে যে দলটি ২-০ গোলে হারিয়েছে মন্টেরিকে।