স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত কালাম জয়পুরহাট সদরের পুরানোপৈল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে রেল পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে আবুল কালাম নামের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় মৃত হয়। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীরা মরদেহ দেখে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত আবুল কালাম সারা দিন বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতেন এবং রাতে সান্তাহার জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাতেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে প্ল্যাটফর্ম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।