সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার এএসপি আল আমিন এ তথ্য জানান। তবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন ডা. এস এম মোস্তফা জামান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান মঙ্গলবার রাতে ধানমন্ডি থানায় গিয়ে এই জিডি করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ১৩ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে মৃত্যু হয় সাঈদীর। তার চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক দলে ছিলেন এস এম মোস্তফা জামান।