বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অতিদ্রুত বিদেশে না পাঠালে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘না হলে বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। ১৯ তারিখ (আগস্ট) একটি প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তী সময়ে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আশু আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা ছাড়াও মহানগর-জেলা-উপজেলায় এই কর্মসূচি পালিত হয়েছে।
গত ৮ আগস্ট থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।