হলে ঢামেক ছাত্রীর ঝুলন্ত লাশ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আবাসিক হল থেকে জয়া কুন্ডু (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ করা হয়েছে। তিনি কলেজের কে-৭৬ ব্যাচের ছাত্রী। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে ঢামেক  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে থাকতেন জয়া।

ওই শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় জানান, ঢাকা মেডিকেল কলেজের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জয়া। ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে জয়া ও লাবণী রায়সহ তারা তিনজন থাকেন। বুধবার সকালে লাবণী হল থেকে বাইরে যান। এরপর সকাল ১০টার দিকে জয়াকে রুমে রেখে তিনিও বাইরে যান। সাড়ে ১০টার দিকে জানতে পারেন, জয়া রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

পৃথুলা জানান, জয়া অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তার কাউন্সেলিং করানো হচ্ছিল।

জয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জয়ার ভাই বুয়েটের শিক্ষার্থী পার্থ কুন্ডু জানান, তাদের বাড়ি খুলনার সদর উপজেলার কুয়েট রোড ফুলবাড়ি গেট এলাকায়। বাবা গিরিন্দ্রনাথ কুন্ডু। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছেন। কী কারণে জয়া আত্মহত্যা করতে পারে সে বিষয়ে কিছু জানেন না।