পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার দুপুরে বিপিএটিসিতে এক অনুষ্ঠানে পিএসসির পক্ষে এমডিএস মো. জাহাঙ্গীর হোসেন এবং বিপিএটিসির পক্ষে এমডিএস ড. মো. মহসীন আলী এতে সই করেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পিএসসির রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, পিএসসি ও বিপিএটিসির মধ্যে প্রশিক্ষণসংক্রান্ত জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময়সহ জনপ্রশাসনের কর্মকর্তাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের প্রত্যয়ে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করার সুযোগ সৃষ্টি হবে।
বিপিএটিসির রেক্টর আশরাফ উদ্দিন বলেন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষিত করার ক্ষেত্রে এ চুক্তি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিবিড়ভাবে কাজ করার ক্ষেত্র সৃষ্টি হবে।