এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মিরপুর থানার ‘সাপোর্ট’

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 'সাপোর্ট' চালু করেছে মিরপুর মডেল থানা। আজ এইচএসসি পরীক্ষার শুরুর দিন থেকে বিশেষ এই সহযোগিতা-উদ্যোগ চালু করা হয়।

উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে আসা শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া, যানজটে আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা নিয়ে আসা- ইত্যাদি সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এ ছাড়া আজ সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে ফুল, কলম এবং চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

জানা গেছে, সাপোর্টের আওতায় আজ ভুল কেন্দ্রে চলে আসা এক শিক্ষার্থীকে তার মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। ওই শিক্ষার্থীর কেন্দ্র ছিল ঢাকা মডেল কলেজ। কিন্তু তিনি ভুলে চলে আসেন মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, এটা আমাদের চলমান প্রক্রিয়ারই অংশ। আমরা এর আগেও এমন কাজ করেছি। আমি ব্যক্তিগত উদ্যোগে ২০১৮ সাল থেকে এটা করে আসছি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে ডিএমপি কমিশনার মহোদয়ের সরাসরি নির্দেশনা আছে। তিনি সব সময় আমাদের পরীক্ষার সময়টিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে বলেন।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, এবার আমাদের এ কাজের জন্য মোট সাতটি গাড়ি এবং ১০টি মোটরসাইকেল প্রস্তুত ছিল। আমরা মূলত যানজটপ্রবণ এলাকাগুলোকে টার্গেট করে পরীক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করেছি।