পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা একটি নৌকাডুবিতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটিতে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা হচ্ছিল। গতকাল বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রাণে বেঁচে যাওয়া ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।
সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৭ জন তাদের দেশের নাগরিক। অপরজন গিনি-বিসাউ থেকে এসেছে। তবে কেপ ভার্দে উপকূলের কাছে ঠিক কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানায়, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়। মাছ শিকার করা একটি স্প্যানিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।
সাফা এমসেহলি বার্তা সংস্থা এএফপিকে বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।