ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (৫ এপ্রিল) ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর
পোস্টে বলা হয়, ৪ এপ্রিল বিকেলে একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) এলাকায় ডুবে গেছে। এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। ১০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি লিবিয়ার তাজাউর (উপকূলীয় শহর) থেকে রওনা হয়েছিল। যাত্রীদের মধ্যে শিশু, নারী ও পুরুষ ছিলেন। নৌকাটি লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলের খনি বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে দিকে গিয়ে ডুবেছে।
ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে বৌরি অয়েলফিল্ডের দূরত্ব ১২২ কিলোমিটার। ডুবে যাওয়া নৌকাটি থেকে ৩৩ জনকে জীবিত অবস্থায় ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই মরদেহ এবং জীবিত যাত্রীদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান।
