সাঈদীর মৃত্যুতে শোক: পটিয়ার ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে পদ হারিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. ইসতিয়াক পারভেজ নামের এক নেতা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. ইসতিয়াক পারভেজকে (উপ-সাংস্কৃতিক সম্পাদক, পটিয়া উপজেলা ছাত্রলীগ) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে, স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল বলেন, নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসতিয়াক পারভেজকে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।