সন্ত্রাস-নাশকতা বন্ধে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
বুধবার (২৫ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা এ কর্মসূচির আয়োজন করে।
 
বিকাল চারটায় নগরের চকবাজার বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে জনমনে অসন্তোষ বাড়ছে।
 
তিনি অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আবদুস সাত্তার আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
 
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।
সর্বশেষ সর্বাধিক পঠিত