সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় শিক্ষা অফিসের কর্মকর্তা অব্যাহতি

দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রের একাডেমিক সুপারভাইজারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়ে।

তিনি চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তার পরিবর্তে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবিবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দেবেন। আমিন।’
সরকারি কর্মকর্তার এমন স্ট্যাটাসে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী জানান, সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষাকেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।