নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ফালগুনি আক্তার ঈশা (১৮) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফালগুনি আক্তার ঈশা গোদনাইল চৌধুরীবাড়ী এনায়েতনগর এলাকার মো. ইসলামের মেয়ে। সে কদমতলী এলাকার সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের ছাত্রী। এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে তিনি ধরেননি।
প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন বলেন, ‘পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হওয়ার খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’ সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘ফ্যানের পাখার আঘাতে ওই ছাত্রীর গালের একাংশ কেটে গেছে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। তার পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়।’