আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও খুব সতর্ক আছি। শুধু ঢাকায় নয় সারা দেশে আওয়ামী লীগের সব সদস্যকে সতর্ক রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, সন্ত্রাসী কর্মকান্ড, নাশকতা যাই করুক না কেন, তা কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।