সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া মহল্লার চাঞ্চল্যকর মনির হোসেন মনি (২০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। হত্যার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ ১৩ আগস্ট গ্রেপ্তার করে। পরে তারা জবানবন্দিতে জানান, গাঁজার টাকা না দেওয়ায় চার বন্ধু মিলে মনিকে পিটিয়ে হত্যা করেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জ পিবিআইর পুলিশ সুপার মো. রেজাউল করিম।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (১৯) ও আব্দুর রহমানের ছেলে মাহবুব হাসান রিমন (২৫)।
পিবিআই কর্মকর্তা জানান, মনি, আব্দুল কাদের, রিমন ও আরও দুজন প্রায়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ২০২২ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় তারা থানারঘাট ব্রিজের পাশে নদীর ধারে একসঙ্গে বসে গাঁজা সেবন করে। তখন সবাই মনিকে গাঁজার টাকা দিতে বলে। মনি টাকা দিতে না পারায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক পেটায়। মনি নিস্তেজ হয়ে গেলে তারা নৌকায় তুলে মাঝ নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ১২ নভেম্বর ভোরে মনির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।