নারীর শ্লীলতাহানির অভিযোগ

গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গণপিটুনি

কিস্তির টাকা আদায়ের সময় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার রওশন হাবিব রাজুকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু গত বৃহস্পতিবার দুপুরে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে আমাদের বাড়িতে যান। তখন আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী রাজুকে কিস্তির টাকা দিয়ে দেয়। পরে রাজু আমার স্ত্রীর কাছে পানি খেতে চায়। আমার স্ত্রী তাকে পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশ করে। তখন রাজু আমার স্ত্রীর শ্লীলতাহানি করে। আমার স্ত্রী চিৎকার দিলে ওই ব্যাংক কর্মকর্তা দ্রুত আমার বাড়ি থেকে সটকে পড়ে।

তিনি আরও জানান, আমার স্ত্রী আমাকে ও আমার বড় ভাইকে বিষয়টি জানালে আমার বড় ভাই গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি অবহিত করে। পরে মীমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সঙ্গে নিয়ে জয়দেব ঘোষ সন্ধ্যায় পাটগাতী বাজার বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনা শুনে সেখানে উপস্থিত উত্তেজিত জনগণ রাজুকে গণপিটুনি দেয়। তখন পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ আমরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে ব্যাংকের অন্য কর্মকর্তারা তাকে সেখান থেকে নিয়ে যায়।

পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ওই ব্যাংক কর্মকর্তা গৃহবধূর গায়ে হাত দেন। তখন সেটি ম্যানেজারকে জানালে সন্ধ্যায় মীমাংসা করতে তারা বণিক সমিতি কার্যালয়ের আসেন। কিন্তু উত্তেজিত কিছু জনতা অভিযুক্ত রাজুকে মারধর শুরু করে। তখন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’

গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ বলেন, ‘বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। আহত রাজু সুস্থ হওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টুঙ্গিপাড়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, ‘কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’