সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের রূপসী বাদল মোড় সড়ক থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ন্যায্যমূল্যের ৩ হাজার ৬০০ কেজি চালবোঝাই একটি ট্রাক জব্দ ও চালক জহির ম-লকে আটক করেছে। এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত দুজন পালিয়ে গেছে।
জহিরের বাড়ি উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে। জব্দ করা চাল কৈজুরি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা হলেও তা পাচার করে কালোবাজারে বিক্রির জন্য সিরাজগঞ্জ শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ট্রাকচালক ও এনায়েতপুর থানার পুলিশ জানায়, কৈজুরি ইউনিয়নে অতিদরিদ্রদের মধ্যে ন্যায্যমূল্যের চাল বিতরণের জন্য পাঁচজন ডিলার রয়েছে। তারা হলেন কৈজুরি গ্রামের আব্দুল হাই, চর কৈজুরি গ্রামের মান্নান খাঁ, আব্দুর রশিদ, গুপিয়াখালী গ্রামের আজমত আলী ও জয়পুরা গ্রামের পেশকার আলী। তাদের মধ্যে চারজন বৃহস্পতিবার কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করেন। কৈজুরি গ্রামের আব্দুল হাই ওই দিন চাল বিতরণ করেননি। ওই চার ডিলার ও কার্ডধারীদের কাছ থেকে চর কৈজুরি গ্রামের আব্দুল কুদ্দুস ও মন্টু মিয়া ৩ হাজার ৬০০ কেজি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে সিরাজগঞ্জ শহরে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা আব্দুল কুদ্দুস ও মন্টু কৌশলে পালিয়ে যায়।
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চালকসহ চালবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। আটক চালককে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কৈজুরি গ্রামের ডিলার আব্দুল হাই এবং চর কৈজুরি গ্রামের আব্দুল কুদ্দুস, মন্টু মিয়া, ট্রাকচালক জহিরসহ অজ্ঞাত আরও তিন-চারজনের নামে এসআই নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
এ বিষয়ে কৈজুরি গ্রামের ডিলার আব্দুল হাই বলেন, ‘বৃহস্পতিবার আমার কোনো চাল বিতরণ করা হয়নি। আমি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সঠিক নিয়মে চাল বিতরণ করেছি। অথচ চাল পাচারের মামলায় আমাকে হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে।’
কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, দুস্থদের জন্য সরকারি বরাদ্দের এ চাল কার্ডধারীর বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। তবে এই চাল মোটা হওয়ায় অনেকে খেতে পারে না। তাই তারা বাইরে কোথাও বিক্রি করে দিয়ে থাকতে পারে। সেটাই নিয়ে যাওয়ার সময় এ আটকের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।