বরিশালে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল ব্যাপারী মামলাটি দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরনদী উপজেলার আহম্মদকাঠি নবদ্বীপ পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসার পথে সন্ধ্যায় পশ্চিম সমরসিংহ জামে মসজিদ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক সরদারের নেতৃত্বে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলায় ছাত্রলীগের পাঁচজন কর্মী আহত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা বলেন, হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উল্টো বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ-মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে পণ্ড করে দেয়।