এশিয়ান গেমসে পদক জয়ের সঙ্গে অন্য লক্ষ্যও থাকছে

চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ১৯তম এশিয়ান গেমস। এবারের গেমসে ক্রিকেট ডিসিপ্লিনও আছে থাকছে। গেমসের ইতিহাসে এই খেলাটি প্রথমবার যুক্ত হয় ২০১০ সালে। সেবারই স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে এবারও চীনে পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পদকের লক্ষ্যে সঙ্গে আরও একটি লক্ষ্য রাখছে বিসিবি। তা হল তরুণ ক্রিকেটারদের বড় ইভেন্টে সুযোগ দেয়া। শনিবার নির্বাচক হাবিবুল বাশার এশিয়ান গেমস নিয়ে নিজের মতামত জানালেন এভাবেই।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলে তারুণ্যের ছড়াছড়ি থাকবে। সঙ্গে মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকারদের মতো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞরাও থাকবেন। এখনও চূড়ান্ত দল না দিলেও এমনই ধারণা করা হচ্ছে। মূলত ইমার্জিং এশিয়া কাপে থাকা দলের সবাই এবং গেমস নিয়ম অনুযায়ী বেশি ক্রীড়াবিদ দেওয়ার প্রথা থাকায় আরও ক্রিকেটার যুক্ত হবেন এই দলে।

আগে অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার রাখার একটা বাধ্যবাধকতা থাকলেও এখন ক্রিকেটের চারজন বেশি বয়সী ক্রিকেটার রাখার নিয়ম আছে। তাই শক্তিশালী দল দিতে পারছে বিসিবি।

পদক জয়ের লক্ষ্য এবং ক্রিকেটারদের ‍সুযোগ করে দেওয়ার বিষয়টি সামনে এনে হাবিবুল বাশার বলেন, ‘আমরা দুটো লক্ষ্য রেখেই যাব। কারণ টি-টোয়েন্টিতে দেখেন, আমরা সবশেষ বিশ্বকাপ থেকেই আমরা কিন্তু একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করি। আমরা যদি সবশেষ বিশ্বকাপের দিকে তাকাই, বর্তমান ও ভবিষ্যৎকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’

হাবিবুল বলে যান, ‘পরের বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টিতে আমাদের ফর্ম কিন্তু বেশ ভালো। গত ইংল্যান্ড সিরিজ থেকে আমরা কিছু ফল পাওয়া শুরু করেছি। শুধু ভবিষ্যতের ব্যাপার নয়। আমরা যাদের নিয়েছি, তারা কিন্তু বর্তমানেও ভালো খেলছে।’