১৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ, স্বামী আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৫ দিন পর নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মিনু বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী উজ্জ্বল শেখকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মিনুর সাথে দশ বছর আগে উজ্জ্বলের বিয়ে হয়। তাদের কোন সন্তান নাই। দুই বছর আগে উজ্জল আরেকটি বিয়ে করেন।

নিহতের মা সোনাই বেগম বলেন, উজ্জ্বল আর মিনু চাচাতো ভাইবোন। বিয়ের পর থেকে উজ্জ্বল মিনুকে মারধর করে। এ নিয়ে নানা সালিশ বিচারও করেছে গ্রামের মানুষ। গত ৫ আগস্ট থেকে আমার মেয়ে নিখোঁজ। আমি বালিয়াকান্দি থানায় অভিযোগ দিয়েছে। আজ টয়লেটের ভেতর থেকে গন্ধ বের হতে থাকে এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। আমি উজ্জলের বিচার চাই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গত ১৪ দিন ধরে মিনু বেগম নিখোঁজ ছিলেন। মিনুর স্বামী উজ্জ্লকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।