সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর মতি মার্কেটের পাশের খালে বৃষ্টির পানিতে ডুবে আজ সোমবার সকালে ২ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হল, ওই গ্রামের তাঁত শ্রমিক হাসমত আলীর ছেলে সৌরভ (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন রাফি (৫)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম ও নিহত সৌরভের বাবা হাসমত আলী জানান, এদিন সকালে বাড়ির সামনের খালের পাশে খেলাধুলা করছিল রিফাত ও সৌরভ। হঠাৎ রিফাত পানিতে পড়ে গেলে সৌরভ তাকে তুলতে যায়। ফলে দুজনেই পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায় নি।
পরে তাদের লাশ ওই খালের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে উদ্ধার করে। এরপর তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোক ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।