নারায়ণগঞ্জে কাঁচপুরের ঢাকা চট্টগ্রাম মহা সড়কে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগাঁ থানা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, রূপগঞ্জ বিএনপি'র মোস্তাফিজুর রহমান দিপু, কাজী মনির, আড়াইহাজার বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ ১১৩জন এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় আরও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলায় জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া সহ মোট ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২জনকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ১৯ আগস্ট সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।