মাদারীপুরে ছেলের দায়ের কোপে বাবা জলিল বয়রা (৬০) খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল বয়রা মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের সোনা মিয়া বয়রার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের জলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন তাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল। গতকাল সকালে ইউসুফ তার বাবাকে কোপায়।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাকে কোপানো হয়। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পলাতক।
অন্যদিকে লালমনিরহাটের আদিতমারীতে সেতুর নিচ থেকে আবদুর রশিদ (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের ধারণা, আবদুর রশিদকে হত্যা করে তার বাহনটি নিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। রশিদ উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বালাপাড়ার খোরশেদ আলমের ছেলে।
পরিবারের ভাষ্যমতে, গত রবিবার রাত ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়ে আর ফেরেননি আবদুর রশিদ। পরদিন সোমবার সকালে কান্তেশ^রপাড়া বাবুর বাজারসংলগ্ন ব্রিজের কাছে রশিদের জুতো ও রক্ত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, তার মাথার পেছনে ও ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি কোপের দাগ রয়েছে।